ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ

ইরানের ওপর অপ্রত্যাশিত হামলার সূচনালগ্নে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আক্রমণ চালিয়েছে। জবাবে ইরান ইসরায়েলের লক্ষ্যবস্তুর ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এছাড়া দেশটি মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি আরব দেশে বিভিন্ন হামলাও চালিয়ে যাচ্ছে।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আরব লিগ একটি জরুরি বৈঠক ডেকেছে। সংস্থার সহকারী মহাসচিব হোসাম জাকি বৈঠক আহ্বান করেছেন। কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর বৈঠকের আয়োজনের অনুরোধ জানিয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে হোসাম জাকি জানান, আগামী রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেবেন সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের মূল এজেন্ডা হবে ইরানের হামলার বিষয়ে আলোচনা করা।
এর আগে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত ইরানকে প্রতিবেশী দেশে হামলা বন্ধের আহ্বান জানিয়ে এই হামলাকে ‘কৌশলগত ভুল’ হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ২২ সদস্যের আরব লিগ মূলত আঞ্চলিক সহযোগিতা উন্নীত করতে কাজ করে। তবে সংস্থাটিকে দীর্ঘদিন ধরে কার্যকারিতা কম বলে বিবেচনা করা হয়। বিভিন্ন সংঘাত সমাধানে এই প্রতিষ্ঠান বরাবরই হিমশিম খাচ্ছে।
ভিওডি বাংলা/এমএস







