‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। এর জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। একই সঙ্গে যেসব আরব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ জড়িত, সেসব স্থানেও হামলা চালাচ্ছে তেহরান। এর ফলে সংঘাত এখন অঞ্চলটির অন্তত ১৪টি দেশে বিস্তৃত হয়েছে।
এই হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।
শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ আপডেটে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপাতত সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, যাত্রী, বিমানবন্দর কর্মী এবং এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা।
ভিওডি বাংলা/এমএস







