• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ০১:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার তথ্য ইরানকে রাশিয়ার মাধ্যমে সরবরাহের খবরের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দেন।

তিনি বলেন, “এ অঞ্চলের প্রতিটি গতিবিধি ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী পরবর্তী সামরিক পরিকল্পনা সাজানো হচ্ছে।”

হেগসেথ আরও জানান, “কে কার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, সে বিষয়ে মার্কিন কমান্ডার-ইন-চিফ (ডোনাল্ড ট্রাম্প) পুরোপুরি অবগত রয়েছেন এবং মার্কিন জনগণ এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।” তিনি হুঁশিয়ারি দেন, প্রকাশ্যে বা গোপনীয়—যেকোনো মাধ্যমেই অনাকাঙ্ক্ষিত তৎপরতা চললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, শত্রুপক্ষকে বিপদে ফেলা এখন তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “এখন কেবল সেই সব ইরানিদেরই চিন্তিত হওয়া উচিত, যারা বেঁচে থাকার আশা করছেন।” মূলত রুশ সহায়তায় মার্কিন বাহিনীর ওপর সম্ভাব্য হামলা ঠেকাতেই এই কঠোর অবস্থান জানানো হয়েছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে নিয়মিতভাবে ইরানকে তথ্য সরবরাহ করছে মস্কো। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, রাশিয়ার সরবরাহিত এই গোয়েন্দা তথ্য ব্যবহার করে ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার ছক সাজাচ্ছে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে সমবেদনা জানানোর পাশাপাশি পুতিন চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে রাশিয়ার গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ নিয়ে মস্কো এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’: মার্কিন অর্থমন্ত্রী
আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’: মার্কিন অর্থমন্ত্রী
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, নতুন অস্ত্র আসছে: আইআরজিসি
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, নতুন অস্ত্র আসছে: আইআরজিসি
নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প
নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প