• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ ২০২৬, ০১:৪৭ পি.এম.
মহাখালীতে নাটমন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুস সালাম-ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান-সবার সমান অধিকার রয়েছে এবং সবাই মিলেই দেশকে এগিয়ে নিতে হবে। 

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সনাতনী হিন্দু সম্প্রদায়ের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মহাখালীতে নাটমন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আবদুস সালাম বলেন, নির্বাচনের আগে স্থানীয় মানুষের পক্ষ থেকে যে দাবিগুলো তোলা হয়েছিল, প্রধানমন্ত্রী তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। বিশেষভাবে স্থানীয় বাসিন্দা শিখারী দাসের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতেই মন্দির সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। এজন্য তিনি তাকে ধন্যবাদ জানান।

উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করে ডিএসসিসি প্রশাসক বলেন, এলাকার উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে যারা নিয়মিত সহযোগিতা করছেন, তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে তারা সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন।

তিনি বলেন, কোনো সমস্যা বা উন্নয়ন কাজের প্রয়োজন হলে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত সমাধান পাওয়া যাবে।

প্রশাসক বলেন, বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে এবং কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর নির্যাতন বা বৈষম্যকে কখনো সমর্থন করে না। তিনি বলেন, “বাংলাদেশ আমাদের সবার দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে দেখি না।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন খাতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি দেশ গড়ে তুলতে সময় লাগে। যেমন একটি মন্দির সংস্কার একদিনে সম্ভব নয়, তেমনি দেশের উন্নয়ন কাজও ধাপে ধাপে বাস্তবায়ন করতে হয়।

নাগরিক দায়িত্বের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, নগরীর পরিচ্ছন্নতা, মশক নিধন ও সিটি কর্পোরেশনের অন্যান্য সেবা কার্যক্রম সফল করতে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। “শুধু সিটি কর্পোরেশন একা সবকিছু করতে পারবে না। জনগণের সহযোগিতা থাকলে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশা নিয়ন্ত্রণ করা সহজ হবে।

তিনি আরও বলেন, ঢাকার ১৭ নম্বর নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এখানে যেন কোনো নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত না হয়, সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপপ্রচার বা উসকানিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে কাজ করার জন্য অন্তত কিছু সময় দিতে হবে।

সবার আগে বাংলাদেশ-এই বিশ্বাস নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে। আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব। হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনে তারা যে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও আমরা তাদের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, অপর্ণা রায় দাস, রমেশ দত্ত, সনজিত দেব জনি, রূপক সিংহ ও প্রণব শাখারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা-খতিব/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত দিনে মধ্যপ্রাচ্যগামী ২৪৫ ফ্লাইট বাতিল
সাত দিনে মধ্যপ্রাচ্যগামী ২৪৫ ফ্লাইট বাতিল
তবে কি যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র?
চীনা অধ্যাপক ও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী: তবে কি যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র?
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’
ঐতিহাসিক ৭ মার্চ আজ: ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’