মদ্যপ অবস্থায় পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স গ্রেপ্তার

বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে ক্যালিফোর্নিয়ায় মদ্যপ গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি) তাকে আটক করে। পরে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে আইনি প্রক্রিয়া শেষে তিনি মুক্ত হন।
সিএইচপি জানিয়েছে, রাত ৮টা ৪৮ মিনিটে একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে ও অসংলগ্নভাবে ‘US-101’ হাইওয়ে দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল। ভেনচুরা কাউন্টির ওয়েস্টলেক বুলেভার্ড এক্সিটের কাছে পুলিশ গাড়িটি থামায়। গাড়িতে ব্রিটনি একাই ছিলেন। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তখন তার আচরণ স্বাভাবিক ছিল না এবং তিনি মদ্যপ ছিলেন বলে ধারণা করা হয়। ঘটনাস্থলে তার ‘সোব্রেটি টেস্ট’ (নেশা যাচাইয়ের পরীক্ষা) করা হয় এবং তা শেষে তাকে গ্রেপ্তার করা হয়। তার গাড়ি পুলিশ জব্দ করেছে।
ব্রিটনির একজন প্রতিনিধি জানিয়েছেন, “এটি একটি দুর্ভাগ্যজনক এবং অমার্জনীয় ঘটনা। ব্রিটনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সঠিক পদক্ষেপ নেবেন। আশা করছি, এই কঠিন সময়ে তিনি সবার সহযোগিতা ও সমর্থন পাবেন।”
প্রতিনিধি আরও বলেছেন, ব্রিটনি এখন তার সন্তানদের সঙ্গে সময় কাটাবেন। তার সুস্থতার জন্য পরিবারের সদস্যরা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন।
ব্রিটনির জন্য আইনি জটিলতা নতুন নয়। ২০০৭ সালে তার বিরুদ্ধে হিট-অ্যান্ড-রান অভিযোগ উঠেছিল। ২০০৮ সালে তাকে মানসিক পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ ১৩ বছর তিনি তার বাবা জেমি স্পিয়ার্সের অধীনে কনজারভেটরশিপে ছিলেন। ২০২১ সালে ‘ফ্রি ব্রিটনি’ আন্দোলনের পর তিনি সেই আইনগত নিয়ন্ত্রণ থেকে মুক্ত হন।
এবারের ঘটনায় আগামী ৪ মে ব্রিটনি স্পিয়ার্সকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা







