• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বাধীনতা পুরস্কার নিয়ে হানিফ সংকেতের আবেগঘন প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ০৪:০০ পি.এম.
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত-ছবি: সংগৃহীত

দেশের সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছরের ‘স্বাধীনতা পুরস্ক’ পাচ্ছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-এর উপস্থাপক ও নির্মাতা এ কে এম হানিফ (হানিফ সংকেত)। পুরস্কার ঘোষণার পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি এই সম্মাননা দেশের লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করেছেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। মনোনীত তালিকায় সপ্তম স্থানে রয়েছে হানিফ সংকেতের নাম। 

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এ ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পুরস্কারের ঘোষণা পাওয়ার পর সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেন হানিফ সংকেত। সেখানে তিনি লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়-যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার।”

তিনি আরও লেখেন, “আজকের এই আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”

দীর্ঘদিন ধরে টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করা এই জনপ্রিয় নির্মাতা তার পোস্টে সুস্থ সংস্কৃতির চর্চা চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।”

বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা অনুষ্ঠানগুলোর মধ্যে ‘ইত্যাদি’ অন্যতম। সমাজের নানা অসঙ্গতি, মানবিক গল্প এবং বিনোদনমূলক উপস্থাপনার সমন্বয়ে অনুষ্ঠানটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এর নির্মাতা ও উপস্থাপক হিসেবে হানিফ সংকেত কয়েক দশক ধরে দর্শকদের কাছে সুপরিচিত একটি নাম।

এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমেদকে মরণোত্তরভাবে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার অন্যতম। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতি বছর এই পুরস্কারে ভূষিত করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালে হানিফ সংকেত দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক লাভ করেন। পাশাপাশি তিনি জাতীয় পরিবেশ পদক, **মেরিল-প্রথম আলো পুরস্কার**সহ দেশি-বিদেশি নানা সম্মাননায় ভূষিত হয়েছেন। উপস্থাপক, পরিচালক ও নির্মাতা হিসেবে তার দীর্ঘ কর্মজীবন দেশের টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাইয়ে আটকা লারা দত্ত, আতঙ্কিত পরিবার
দুবাইয়ে আটকা লারা দত্ত, আতঙ্কিত পরিবার
রবি চৌধুরীর অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী
রবি চৌধুরীর অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী
বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার মৃত্যু
বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার মৃত্যু