পাংশায় বিএসটিআই-এর অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীর পাংশা বাজারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকাল ৪টায় পাংশা বাজারে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় বাজারের বিভিন্ন কসমেটিকস দোকানে বিএসটিআই আইন মেনে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়।
যাচাইকালে ‘মনির কসমেটিকস’ নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই আইন অমান্য করে পণ্য বিক্রি করায় এর মালিককে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় এবং বিএসটিআই অনুমোদিত পণ্যের তালিকা প্রদান করা হয়।
এছাড়া ফলের দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশ-পরিচ্ছন্নতা ও পণ্যের মূল্য পরিস্থিতি পরিদর্শন করা হয়। এ সময় ‘ঘোষ দধি ভাণ্ডার’-এর পরিবেশ নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সতর্কতামূলক ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান। তিনি জানান, অভিযানে বিএসটিআই আইন প্রতিপালন করে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়। আইন অমান্য ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।
ভিওডি বাংলা/এস কে পাল সমীর/আ







