ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মঙ্গলবার রাতের দিকে মোজতাবাকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
বুধবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কাৎজ বলেন, “ইরানের সন্ত্রাসী সরকারের নতুন নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনায় নেতৃত্ব দেন, যুক্তরাষ্ট্র এবং মুক্ত বিশ্বের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোকে হুমকির মধ্যে রাখেন, এবং ইরানের সাধারণ জনগণের ওপর দমন-পীড়ন শুরু করেন— সেক্ষেত্রে তার নাম যা-ই হোক কিংবা যেখানেই তিনি লুকান না কেন, তিনিও আমাদের স্পষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথ সামরিক অভিযান শুরু করে, যথাক্রমে ‘রোয়ার অব লায়ন’ ও ‘অপারেশন এপিক ফিউরি’ নামে। অভিযানের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরী। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তিনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।
২৮ ফেব্রুয়ারি খামেনির মৃত্যুর পর ইরান অস্থায়ীভাবে তিন সদস্যের একটি নেতৃত্ব পরিষদ গঠন করে। পরে মঙ্গলবার মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। মোজতাবা খামেনি খামেনির দ্বিতীয় সন্তান। চলমান যুদ্ধের গত পাঁচ দিনে আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, কন্যা, জামাতা এবং নাতনি নিহত হয়েছেন।
ইসরায়েল কাৎজ বুধবার এক্সে আরও বলেছেন, “অপারেশন রোয়ারিং লায়ন একসময় শেষ হবে। কিন্তু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে নিরাপদ ও সুরক্ষা রাখার সংকল্প আমাদের কখনও শেষ হবে না।”
সূত্র: এএফপি
ভিওডি বাংলা/এমএস







