মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে যাত্রা করা বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা ২৫ শতাংশ ভাড়ার ছাড় পাবেন। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “যেসব যাত্রী ৬৫ বছরের বেশি বয়সী, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী তারা নিজ নিজ আইডি কার্ড ও ন্যাশনাল আইডি কার্ড দেখিয়ে ২৫ শতাংশ ছাড় ভোগ করতে পারবেন। এই সুবিধা আগামী কোরবানি ঈদের আগে চালু করা হবে।”
রেলের উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “বিগত সরকার রেলের নামে প্রায় এক লাখ কোটি টাকার উন্নয়ন কাজ করেছে। কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে-কলমে। রেলের ইঞ্জিন কম, ট্রেন সচল থাকে না, আবার ভেঙে যায়।”
এদিকে, বর্তমান সরকার রেলের সার্বিক উন্নয়নে আন্তরিক। মন্ত্রী বলেন, “আমরা রেলের সার্বিক উন্নয়ন চাচ্ছি। বিদ্যমান ট্রেনগুলোর গতিবৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত নিশ্চিত করতে কিছু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”
শেখ রবিউল আলম আরও জানান, নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে রেল সেবা জনবান্ধব, মানসম্মত ও আরও শক্তিশালী হবে।
ভিওডি বাংলা/এমএস







