• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুবদলের হামলায় প্রেসক্লাবে সভাপতি গুরুতর আহত

সাতক্ষীরা প্রতিনিধি    ৩ মার্চ ২০২৬, ০৪:২৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাব ভবনে সভাপতির ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, যুবদলের একদল নেতাকর্মী অতর্কিতভাবে হামলা চালিয়ে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরকে গুরুতর আহত করেন।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সভাপতিকে মারধর করতে করতে ভবনের বাইরে টেনে নিয়ে যায় এবং ইট ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।

আহত সামিউল মনির দৈনিক সমকাল -এর শ্যামনগর প্রতিনিধি হিসেবে কর্মরত।

প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা জানান, ঘটনার আগে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, নেতা মিজান, মফু খাঁসহ নেতাকর্মীরা ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে আসেন এবং মানববন্ধন করেন। মানববন্ধনে সভাপতির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে ২৫-৩০ জন নেতাকর্মী হঠাৎ প্রেসক্লাব ভবনে প্রবেশ করে হামলা চালান। এসময় অন্যান্য সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, আহতের মাথার বাম পাশে গুরুতর আঘাত রয়েছে। শরীরের বিভিন্ন অংশে শক্ত বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদে বালু উত্তোলন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই সংবাদ প্রকাশের পর থেকেই সামিউল মনির হুমকির মুখে ছিলেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

ভিওডি বাংলা-আবদুল্লাহ আল মামুন/জা 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দোলপূর্ণিমায় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মোৎসব শুরু
দোলপূর্ণিমায় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মোৎসব শুরু
কালিয়ায় ইয়াবাসহ আটক ১
কালিয়ায় ইয়াবাসহ আটক ১
খাগড়াছড়িতে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
খাগড়াছড়িতে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ