পল কাপুর আজ ঢাকায় আসছেন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছাচ্ছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে এটি তার প্রথম ভারত ও বাংলাদেশ সফর। ঢাকা সফরের সময় তিনি জ্যেষ্ঠ মন্ত্রী, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় এবং ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকায় মার্কিন দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ভূরাজনৈতিক বিষয়গুলোও আলোচনার বিষয় হবে। সফরের সমাপ্তিতে পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন।
খসড়া সূচি অনুযায়ী, পল কাপুর ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত ঢাকায় থাকবেন। সফরের প্রথম দিন তিনি স্থানীয় মন্ত্রিপরিষদ ও গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ৪ মার্চ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন। এতে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ, বাণিজ্য, প্রতিরক্ষা, ভিসা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারগুলোর উপর আলোকপাত হবে। সফরের শেষ দিনে পল কাপুর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং পরে প্রধানমন্ত্রী-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
ভিওডি বাংলা/জা







