প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানিয়েছেন।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাজার পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন।
টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, ইরানের নিক্ষিপ্ত একটি মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আলোচনায় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহমর্মিতা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, একই দিন বিকালেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বিষয়ে টেলিফোনে আলোচনা হয়।
সূত্র: বাসস
ভিওডি বাংলা/জা







