জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বিএনপি: এনসিপি

জুলাই জাতীয় সনদ ও সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির দাবি, আদালতে চলমান প্রক্রিয়া নিয়ে তাদের আগে থেকেই শঙ্কা ছিল এবং কারা এর পেছনে রয়েছে তা স্পষ্ট। তারা অভিযোগ করে, গণঅভ্যুত্থানের আগেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছিল।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে এনসিপির সংস্কার বাস্তবায়নবিষয়ক কমিটি।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। বাইরে উদারতার ভান দেখালেও ভেতরে বাধা তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, বাছাই করা সংস্কার ইস্যু নিয়ে সরকার আদালতে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের রায় হলে সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়তে পারে। একই আদেশের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে বিএনপি ১৯৭২ সালের সংবিধান রক্ষার লড়াই করছে।
এনসিপির সংস্কার বাস্তবায়নবিষয়ক কমিটির উপপ্রধান ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন মীমাংসিত বিষয় নিয়ে আদালতে যাওয়া একটি ন্যক্কারজনক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণ ও আদালতকে মুখোমুখি করার একটি প্রচেষ্টা দেখা যাচ্ছে। জুলাই সনদ জনগণের অভিপ্রায়ের প্রকাশ, সেখানে বিএনপিও স্বাক্ষর করেছে। জনগণের অভিপ্রায় রক্ষা করা আদালতের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
সারোয়ার তুষার আরও বলেন, তারা নির্বাচনের আগে গণভোট চেয়েছিলেন। তবে বিএনপি বলেছিল, নির্বাচনের দিন গণভোট হলেও একই অর্থ বহন করবে। বৃহত্তর স্বার্থে তারা তা মেনে নিয়েছেন। এখন মীমাংসিত রাজনৈতিক বিষয় নিয়ে জলঘোলা করলে সংশ্লিষ্টদের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
ভিওডি বাংলা/আ







