আগামীর সরকার হবে বিএনপি’র সরকার- শামসুজ্জামান

ঠাকুরগাঁও প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না। মেরুকরণ যাই হোক, জনগণ যেটিকে অনুমোদন করবে- আমরা মনে করি, সেটাই হবে গণতন্ত্র।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে জেলা বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে শিল্পকলা একাডেমি চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, এদেশের একটি মহল পাকিস্তান আমলে পাকিস্তান সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে বলেছিল তারা এবং পাকিস্তান সেনাবাহিনী দেশপ্রেমী। এখন আবার তারা বলছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তারা দেশ প্রেমিক। আমরা কোনটা বিশ্বাস করব? পাকিস্তান আমলেরটা নাকি বর্তমানের টা? তাদের কাছে অনুরোধ, কথা পরিষ্কার করেন কোনটা বিশ্বাস করব।
বিএনপির এই নেতা বলেন, আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। বিএনপির এই লড়াই যাতে আরও শক্তিশালি হয়, সে জন্য সারাদেশে বিএনপির সাংগঠনিক সভা করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অনুসারী। তারেক রহমান এমন একজন নেতা যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরও তিনি হাজার হাজার মাইল দূরে থেকেও বিএনপিকে সংগঠিত করে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তিনি প্রমাণ করেছেন, তিনি একজন দেশ প্রেমিক, যোগ্য নেতা।’
কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘আগামীর সরকার হবে বিএনপি সরকার। আমরা প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমানকে পেয়েছি। প্রধানমন্ত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পেয়েছি। আগামীতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে চাই। প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি। গণতন্ত্রের বাংলাদেশ, কৃষক শ্রমিক মেহনতি মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশের কারিগর হবে তারেক রহমান।’
জেলা বিএনপির সাংগঠনিক সভায় সভায় জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ অনেকে উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমপি







