• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমের মুকুলে সোনালী স্বপ্ন বুনছে রাজশাহীর চাষীরা

রাজশাহী প্রতিনিধি    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

আমের শহর রাজশাহীর চারিদিকে ছড়াচ্ছে আমের মুকুলের ম-ম গন্ধ। সবুজের বুকে সোনালি স্বপ্ন বুনছে আমের মুকুল, সেই সুবাসে মুখর হয়ে উঠেছে পুরো জনপদ। শীতের কুয়াশা পাশ কাটিয়ে, নরম রোদ আর বসন্তের মৃদু বাতাস। ভেসে আসছে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ। গাছে গাছে সোনালী রঙের মুকুল যেন প্রকৃতির গোপন কবিতা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে ওঠা এ মুকুলের শোভা আশা জাগাচ্ছে কৃষকের মনে। ধানের পরেই আমের ওপর বেশি ভরসা রাজশাহী অঞ্চলের কৃষকদের।

শীত মৌসুম শেষ হওয়ার আগেই রাজশাহীর বাগানগুলোতে দৃশ্যমান হচ্ছে আগাম আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের ম-ম ঘ্রাণ। দেশব্যাপী সুস্বাদু আম উৎপাদনের জন্য খ্যাত এ অঞ্চলে এবারও বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিক ও চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রাজশাহী জেলায় ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে ২ লাখ ৪৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। রাজশাহীর বাঘা, চারঘাট ও পুঠিয়া উপজেলার বাগানগুলোতে ইতোমধ্যে প্রচুর মুকুল দেখা দিয়েছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষিরা হপার বা শোষক পোকা দমনে এবং রোগবালাই থেকে মুকুল রক্ষায় প্রয়োজনীয় কীটনাশক ছিটিয়ে পরিচর্যা চালিয়ে যাচ্ছেন।

চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের আমচাষি মোজাফফর হোসেন জানান, এবার সময়মতো মুকুল আসায় তারা আশাবাদী, তবে কুয়াশা না হলে ফলন প্রত্যাশা ছাড়িয়ে যাবে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম জানান, এবার গত বছরের তুলনায় বেশি মুকুল আসার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার ওপর অনেক কিছু নির্ভর করছে।

এদিকে গত কয়েক বছরে আম চাষের ধরনেও এসেছে ব্যাপক পরিবর্তন। প্রথাগত শত বছরের বাগানের পরিবর্তে কৃষকরা এখন আম্রপালি, বারি আম-৩ ও ৪ জাতের ১০ বছর মেয়াদী হাইব্রিড বাগানের দিকে ঝুঁকছেন।

আম চাষের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যগতভাবে শীর্ষে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে নওগাঁয় আমবাগানের পরিমাণ দ্রুত বাড়ছে। গত ১০ বছরে নওগাঁয় আমের জমি প্রায় ১৪ হাজার ৯২৫ হেক্টর বেড়েছে, যা চাঁপাইনবাবগঞ্জকেও ছাড়িয়ে গেছে। প্রতিকূল আবহাওয়া বাধা না হলে এ বছর উত্তরবঙ্গের এই সোনালী ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও উল্লেখযোগ্য হারে রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/রমজান আলী/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় গিয়ে যুবকের মৃত্যু, এক মাস পর ফিরল মরদেহ
মালয়েশিয়ায় গিয়ে যুবকের মৃত্যু, এক মাস পর ফিরল মরদেহ
ঈশ্বরদীতে দাদিকে মেরে নাতনিকে ধর্ষণ ও হত্যা
ঈশ্বরদীতে দাদিকে মেরে নাতনিকে ধর্ষণ ও হত্যা
বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করলেন নিজ দলের কর্মীরা
বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করলেন নিজ দলের কর্মীরা