বিএনপির সিদ্ধান্ত জনআকাঙ্ক্ষার বিপরীত : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপি সরকারের মাধ্যমে ৬টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশন-এ সরকার দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের এ সিদ্ধান্ত জনআকাঙ্ক্ষার বিপরীত বলে মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা, গণহত্যার বিচার সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের প্রত্যাশা ছিল স্থানীয় সরকারে গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচন।’
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এমন পরিস্থিতিতে ছয়টি সিটি করপোরেশনে সরকারদলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, এ পদক্ষেপ “নৈতিকভাবে গর্হিত” এবং “জনগণের সঙ্গে প্রতারণার শামিল।” এতে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি আরেকটি ‘পাতানো নির্বাচন’-এর প্রাথমিক ধাপ হতে পারে।
দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ বাতিল এবং অনতিবিলম্বে সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ঘোষণার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।
ভিওডি বাংলা/আ







