সংরক্ষিত নারী আসন: বিএনপিতে মনোনয়ন যুদ্ধ, আলোচনায় যেসব নেত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বড় অংশ পাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিপুল সংখ্যক আসনে জয় পাওয়ায় দলটি ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পেতে যাচ্ছে। ফলে এসব আসনে দলীয় মনোনয়ন ঘিরে বিএনপির ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিযোগিতা।
দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে শতাধিক নারী নেত্রী মনোনয়ন পাওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। কেউ ঢাকায় অবস্থান করছেন, কেউ আবার দলীয় শীর্ষ পর্যায়ে সক্রিয়ভাবে তদবির চালাচ্ছেন। তবে শেষ পর্যন্ত কারা মনোনয়ন পাবেন, তা নির্ধারণ করবে দলের হাইকমান্ড।
সংরক্ষিত নারী আসন বণ্টনের নিয়ম:
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট ৫০টি নারী আসন সংরক্ষিত থাকে। সাধারণ নির্বাচনে যে দল যতটি আসনে জয় পায়, সেই অনুপাতে সংরক্ষিত আসন বণ্টন করা হয়। এবার বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পাওয়ায় দলটির ঝুলিতে যাচ্ছে ৩৫টি সংরক্ষিত নারী আসন। নির্বাচন কমিশন রোজার মধ্যেই এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে এবং ঈদের আগেই প্রক্রিয়া শেষ করতে চায়।
তবে বিএনপি'র মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের অধিবেশন শুরু হলে এ বিষয়ে কার্যক্রম শুরু হবে এবং দলীয়ভাবে অবদান রাখা ও সম্পৃক্ত ব্যক্তিদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
মনোনয়ন দৌড়ে এগিয়ে যাঁরা:
বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের অনেক নেত্রী এবার সংরক্ষিত নারী আসনে আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য: আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, শিরিন সুলতানা, নাজমুন নাহার বেবী, শাম্মী আকতার, নিলোফার চৌধুরী মনি, আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আকতার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক অ্যাডভোকেট রুনা লায়লা।
এছাড়া সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ—কণ্ঠশিল্পী বেবী নাজনিন, রিজিয়া পারভিন ও কনক চাঁপা—এবং ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদের নামও আলোচনায় রয়েছে।
ঢাকা ও বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন নিপুণ রায় চৌধুরী, অপর্ণা রায়, আরিফা সুলতানা রুমা, শাহানা আকতার সানু, নিয়াজ হালিমা আর্লি, রাবেয়া আলম, জেবা আমিন খান, শাহিনুর নার্গিস, নাসিমা আক্তার কেয়া, তানজিন চৌধুরী লিলি, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা উর্মি, শাহিনুর সাগর, সানজিদা ইসলাম তুলি, বীথিকা বিনতে হুসাইন, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সামিরা তানজিনা চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, হাসিনা আহমদ ও আসমা আজিজ।
চট্টগ্রামেও জোর আলোচনা:
চট্টগ্রাম অঞ্চলেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা তীব্র। আলোচনায় থাকা নেত্রীদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, মেহেরুন নেছা নার্গিস, জান্নাতুল নাঈম রিকু, জেসমিনা খানম, নাজমা সাঈদ ও সুলতানা পারভীন।
সিদ্ধান্ত আসবে শীর্ষ নেতৃত্ব থেকে:
দলীয় নেতারা বলছেন, বিএনপিতে যোগ্য নারী নেতৃত্বের সংখ্যা অনেক। তাদের রাজনৈতিক অবদান, সাংগঠনিক ভূমিকা ও দলীয় ত্যাগ বিবেচনায় নিয়েই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। এ বিষয়ে শেষ সিদ্ধান্ত দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রের মতে, এবার তরুণ ও সক্রিয় নেত্রীদের মূল্যায়নের সম্ভাবনাও রয়েছে।
ভিওডি বাংলা/সবুজ/এমএস







