ধোপাজান নদীতে অবৈধ বালু উত্তোলন, নৌকা আটক

সুনামগঞ্জে ইজারাবিহীন ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি বালুভর্তি স্টিলবডি নৌকা আটক করেছে পুলিশ। পুলিশের চোখ ফাঁকি দিতে নতুন কৌশল নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি বালুখেকো চক্রের।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন সেখ (পিপিএম) যোগদানের পর থেকে অবৈধ বালু উত্তোলন, চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তার কঠোর অবস্থানের কারণে সংশ্লিষ্ট চক্রগুলোর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ইজারাবিহীন ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি বড় স্টিলবডি নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে একটি চক্র। খবর পেয়ে ওসি তাৎক্ষণিকভাবে এসআই টিপুকে ঘটনাস্থলে পাঠান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝি পালিয়ে গেলেও এসআই টিপু ও সঙ্গীয় ফোর্স অর্ধেক বালুভর্তি নৌকাটি আটক করতে সক্ষম হন।
ওসি মো. রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বালুখেকো চক্র পুলিশের নজর এড়াতে নতুন কৌশল নিয়েছিল। তবে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বড় স্টিলবডি নৌকা আটক করা হয়েছে। নৌকার মালিকসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
নদী রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/এম আর সজিব/আ







