মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রার্থনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মব কালচারের সমালোচনা করেছেন। তিনি শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বলেন, “যারা মব করছেন, তাদের এখান থেকে সরে আসা উচিত। মব কালচার মানেই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা।”
মন্ত্রী আরও বলেন, “বিশৃঙ্খলতা দেশের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যারা দেশ গঠনের কাজে অন্তরায় সৃষ্টি করবে, তারা দেশের শত্রু হিসেবে বিবেচিত হবেন। আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে কথা বলতে হবে এবং সরকার ও দেশকে সহযোগিতা করতে হবে। কেউ যদি এর বাইরে গিয়ে কিছু করতে চান, তার দায়-দায়িত্ব তাকে নিতে হবে।”
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অমর একুশের প্রথম প্রহরে, রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ভিওডি বাংলা/এসএস







