আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
রাজধানীতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত করা হয়েছে। যদিও কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি নেই, তবুও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
ঢাকার পাশাপাশি সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবও দায়িত্ব পালন করবে। এজন্য ডিএমপির অন্তত ১৫ হাজার সদস্য নিয়োজিত থাকবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনকালে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
ডিএমপি কমিশনার বলেন, “নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বহুস্তরীয় ব্যবস্থা নিয়েছি। কোনো ঝুঁকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।”
অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) জানিয়ে দিয়েছেন, শহীদ দিবস উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনাও বিশেষভাবে সাজানো হয়েছে। নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশিবাজার ক্রসিংসহ সাতটি স্থানে ডাইভারশন রাখা হয়েছে। তিনটি স্থানে পার্কিং সুবিধা থাকবে।
র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, “কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি সারাদেশের গুরুত্বপূর্ণ শহীদ মিনারেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
শহীদ মিনারের চারপাশে র্যাব ও পুলিশের কন্ট্রোল রুমের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে সব ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায়।
ভিওডি বাংলা/এসএস







