• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানের শীষে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিল শিবির কর্মী

ফেনী প্রতিনিধি    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে রানু আক্তার (রুনা আক্তার নামেও পরিচিত) নামে এক গৃহবধূকে তালাক দিয়েছেন শিবিরের এক কর্মী। অভিযুক্ত স্বামী নূর মোহাম্মদ সুমন পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের বাসিন্দা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী রুনা আক্তার অভিযোগ করেন, তার স্বামী শিবিরের সক্রিয় কর্মী। স্বামীর নিষেধ অমান্য করে ধানের শীষে ভোট দেওয়ায় তাকে তালাক দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

রুনা আক্তার জানান, ভোটের আগের রাতে স্বামী তাকে জিজ্ঞেস করেন কোথায় ভোট দেবেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই দেখে আসছেন তার বাবা ধানের শীষে ভোট দেন, তাই তিনিও ধানের শীষে ভোট দেবেন। এ কথা শোনার পর স্বামী তাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেন। তবে স্বামী বাড়ি ছেড়ে চলে গেলে তিনি রাজষপুর আলী আজ্জম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন।

রাতে বাড়ি ফিরে বিষয়টি জানালে পরদিন ভোরে স্বামী তাকে ও তাদের বড় ছেলেকে মারধর করেন এবং জমির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, আদালতের মাধ্যমে তাকে তালাক দেওয়া হয়েছে।

নূর মোহাম্মদ সুমনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক মনোমালিন্যের কারণেই স্ত্রীকে তালাক দিয়েছেন। ভোটের কারণে তালাক দেওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, গত ১৫ ফেব্রুয়ারি ফেনী নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে তালাকের এফিডেভিট সম্পন্ন করে ডাকযোগে তালাকনামা পাঠানো হয়েছে।

প্রাপ্ত এফিডেভিটের কপিতে দেখা যায়, আইনজীবী রবিউল হক রবির স্বাক্ষরে তালাকনামাটি ইস্যু করা হয়। এতে রুনা আক্তারের বিরুদ্ধে সংসার পরিচালনায় অক্ষমতা, পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ এবং অবাধ্যতার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

স্থানীয় প্রতিবেশী কাউসার আলম বলেন, সুমন বাড়ি ছাড়ার পর রুনা আক্তার বিষয়টি তাকে জানান। তিনি বলেন, দুই অবুঝ সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করলে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। অপর প্রতিবেশী কৃষক আবদুল কাদের বলেন, সুমন তাকে ফোন করে তালাকের কথা জানিয়ে রুনাকে বাড়ি ছাড়তে বলেন।

ঘটনাটি জানাজানি হলে চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী নজরুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মাস্টার শেখ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমসহ স্থানীয় নেতাকর্মীরা সুমনের বাড়িতে যান। উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক বলেন, ভোট দেওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য।

এর আগে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে একই ধরনের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তার স্ত্রীকে তালাক দিলে ভুক্তভোগী নারী ও তার সন্তানদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তারেক রহমান। তিনি নগদ অর্থসহায়তা ও নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান
জাতি ভেদে বৈষম্যের অভিযোগ ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান
নকল সার বিক্রি: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নকল সার বিক্রি: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার
উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার