ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ৩ হাজার ৬৮৫

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৮৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এ ছাড়া এখনো হাজারো মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত হালনাগাদ তথ্যে জানান, দুর্যোগের পর এ পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
সরকারি হিসাবে, দুর্গত এলাকায় ৯ হাজার ৬০৩ টন খাদ্য এবং ৮৩ লাখ ২০ হাজার লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৫ হাজার ৯৭০ জন রোগী চিকিৎসাসেবা পেয়েছেন।
ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ২৯ হাজার ৫৬৭ জন সরকারি কর্মী, ২৮ হাজার ৩৬২ জন স্বেচ্ছাসেবক এবং ৪ হাজার ৩৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। বাস্তুচ্যুত মানুষের জন্য ৮৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১ হাজার ৭৬টি পরাঘাত রেকর্ড করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় আঘাত হানে। এতে দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। পরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৃহৎ পরিসরে মানবিক সহায়তা কার্যক্রম শুরু হলেও ভারী উদ্ধারযানের সংকটে ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষকে উদ্ধারে বেগ পেতে হচ্ছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য