• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নতুন চুক্তি প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পি.এম.
ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র প্রদর্শনী। ছবি: সংগৃহীত

ইরান রোববার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে নতুন প্রস্তাব পাঠিয়েছে, যাতে উভয় পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। দেশটি জ্বালানি, খনিজ এবং উড়োজাহাজ কেনাবেচাসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে। এই তথ্য দিয়েছেন এক ইরানি কূটনীতিক, যেটি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ নিরসন এবং সামরিক উত্তেজনা এড়াতে চলতি মাসে আবারও শুরু হয়েছে দুই দেশের আলোচনা। আলোচনায় ব্যর্থ হলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে।

স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধান ও সমঝোতাকে অগ্রাধিকার দিচ্ছেন। যদিও তা নাও হতে পারে। ইরানের সঙ্গে সফল চুক্তি আগে কেউ করতে পারেনি, তবে আমরা চেষ্টা করব।”

অন্যদিকে, হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুঁশিয়ারি দেওয়া ইরান রোববার তুলনামূলক নমনীয় অবস্থান দেখিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিভাগের উপপরিচালক হামিদ ঘানবারি ফার্স নিউজ এজেন্সিকে বলেন, “চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত ও উচ্চ অর্থনৈতিক লাভজনক খাতে যুক্তরাষ্ট্রেরও সুবিধা থাকতে হবে।” তিনি আরও জানান, যৌথ তেল ও গ্যাসক্ষেত্র, খনিজ খাতে বিনিয়োগ এবং উড়োজাহাজ ক্রয়সহ বিভিন্ন অর্থনৈতিক বিষয় আলোচনায় রয়েছে। ঘানবারির মতে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ যথাযথভাবে নিশ্চিত করতে পারেনি।

২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৫ সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিলেন।

রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দল মঙ্গলবার জেনেভায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিষয়টি রোববার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাও নিশ্চিত করেছেন। রুবিও বলেন, “স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য যাচ্ছেন, ফলাফল কী হয় তা দেখা যাবে।”

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় পরোক্ষ পারমাণবিক আলোচনায় অংশ নিতে রওনা হয়েছেন। তিনি সেখানে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধানের সঙ্গেও বৈঠক করবেন।

উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বিবিসিকে জানিয়েছেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে সমঝোতায় ইরান প্রস্তুত। চুক্তি করতে যুক্তরাষ্ট্র কতটা আন্তরিক, তা প্রমাণের দায়িত্ব ওয়াশিংটনের।”

এছাড়া তিনি ইরানের পারমাণবিক প্রধানের বক্তব্যের উল্লেখ করে বলেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সর্বোচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করতে ইরান রাজি হতে পারে। তবে শূন্য মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান সম্মত হবে না।” এটি ছিল অতীত আলোচনার অন্যতম বড় অচলাবস্থা।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে আল-আকসায় প্রবেশে কড়াকড়ির পরিকল্পনা ইসরায়েলের
রমজানে আল-আকসায় প্রবেশে কড়াকড়ির পরিকল্পনা ইসরায়েলের
নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামগুলোতে সশস্ত্র হামলা, নিহত ৩২
নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামগুলোতে সশস্ত্র হামলা, নিহত ৩২
কারাগারে অসুস্থ ইমরান খান
কারাগারে অসুস্থ ইমরান খান