মঞ্জুরুল মুন্সীকে সংযত থাকার পরামর্শ আদালতের

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপি হওয়ায় প্রার্থিতা হারানো বিএনপির সাবেক প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করে সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর সিভিল কোর্টের প্রথম শ্রেণির জ্যেষ্ঠ বিচারক তাফরিমা তাবাসুম এ নির্দেশ দেন। বিচারক তাকে বলেন, তার বিরুদ্ধে একাধিক ফোন অভিযোগ পাওয়া যাচ্ছে, তাই বক্তব্যে সংযত থাকার আহ্বান জানান।
এর আগে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে তাকে লিখিত ব্যাখ্যাসহ সশরীরে হাজির হতে বলা হয়। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যে মুন্সী বলেন, অন্য দলকে ভোট দিলে ‘ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার’ হুমকি দেন—এমন অভিযোগ ওঠে। এ ঘটনার পর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সী দাবি করেন, তিনি বিএনপিকে আমৃত্যু ধারণ করবেন এবং কুমিল্লা-৪ আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছেন।
প্রসঙ্গত, ঋণখেলাপির অভিযোগে আদালতের আদেশে তার প্রার্থিতা বাতিল হয়। বর্তমানে এ আসনে বিভিন্ন জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভিওডি বাংলা/ আরিফ







