• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৬৪টি জেলায় ৯০ পর্যবেক্ষক মোতায়েন করেছে ইইউ

নিজস্ব প্রতিবেদক    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে ভোটগ্রহণসহ পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এদের প্রতিটি দেশের ৬৪টি জেলায় কাজ করতে দেখা যাবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ, কেন্দ্র বন্ধ হওয়া, ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্তকরণের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। শহর, নগর ও গ্রাম—সব ধরনের এলাকায় তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে।

ইভার্স ইজাবস বলেন, “স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা প্রায় প্রতিটি নির্বাচনি এলাকার শহর, নগর ও গ্রামে উপস্থিত থাকবেন। সারাদিন তাদের পর্যবেক্ষণ ও প্রতিবেদন ঐতিহাসিক নির্বাচনের নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশ হবে।”

তিনি আরও জানান, এই পর্যবেক্ষকদের নিয়োগ পূর্বে নিযুক্ত ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে করা হয়েছে। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা জানুয়ারির মাঝামাঝি থেকে বাংলাদেশে অবস্থান করছেন এবং নির্বাচন-পূর্ব পরিবেশ, নির্বাচন প্রশাসনের প্রস্তুতি, প্রচারণা কার্যক্রম ও ভোটার সচেতনতা বিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এছাড়া তারা রাজনৈতিক দল ও নাগরিক সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনকে আরও শক্তিশালী করতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধিদলও যুক্ত হয়েছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক মিশন থেকে স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ৩৫ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে অংশ নিচ্ছেন। কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকেও পর্যবেক্ষকরা মিশনের সঙ্গে কাজ করছেন।

পূর্ণ সক্ষমতায় এই মিশনে ২০০ জনের বেশি পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। ইভার্স ইজাবস বলেন, “দেশজুড়ে ২০০ জন পর্যবেক্ষকের উপস্থিতি এই ঐতিহাসিক নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি ইউরোপীয় ইউনিয়নের অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ।”

মিশন আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে। নির্বাচন প্রক্রিয়া শেষে ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। উভয় প্রতিবেদনই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং মিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন কঠোর আচরণবিধির অধীনে পরিচালিত হয়, যেখানে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা এবং কোনো হস্তক্ষেপ থেকে বিরত থাকা বাধ্যতামূলক। মিশনের কার্যক্রম ২০০৫ সালের জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

নির্বাচনের দিন, ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হবে এবং বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে।

ভিওডি বাংলা/এমএস    

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় খামেনির স্মরণে ইরান দূতাবাসে শোকবই
ঢাকায় খামেনির স্মরণে ইরান দূতাবাসে শোকবই
ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল
ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল
প্রধান বিরোধীদল জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধান বিরোধীদল জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী