• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান:

দেশ গঠনে, অভিজ্ঞতা ও বাস্তব পরিকল্পনায় বিএনপি এগিয়ে

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পি.এম.
ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন তারেক রহমান-ছবি: সংগৃহীত

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য অভিজ্ঞ ও সুস্পষ্ট কর্মসূচিসম্পন্ন নেতৃত্ব নির্বাচন করা জরুরি। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ছাড়া আর কোনো দলের কাছে দেশ পরিচালনার সেই অভিজ্ঞতা ও বাস্তবসম্মত পরিকল্পনা নেই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয়, এটি হতে হবে দেশ গঠনের ও জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।

নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে নারীদের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। খালেদা জিয়ার সময়ে আমরা দেখেছি-ক্লাস এইট থেকে শুরু করে অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হয়েছিল। এসব কাজই প্রমাণ করে বিএনপি অভিজ্ঞতার আলোকে দেশ পরিচালনায় সক্ষম।

বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ প্রকৃত নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলে জানান তিনি। এই নির্বাচন সেই নির্বাচন, যার জন্য মানুষের রাজনৈতিক ও ভোটাধিকার দীর্ঘদিন কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাচনের নামে আমরা তামাশা দেখেছি। কেউ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি-শুধু ঢাকা নয়, সারা দেশেই মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

তারেক রহমান বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে শুধু রাজনৈতিক অধিকার নয়, একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এই নির্বাচন জুলাইয়ের শহীদদের, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার নির্বাচন।

ঢাকা-১০ আসনের প্রসঙ্গে তিনি বলেন, এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে রবি ভাইকে মনোনীত করা হয়েছে। রবি নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা, ধানমন্ডি লেকের সমস্যা ও আইনশৃঙ্খলার অবনতি-সব সমস্যার সমাধানে আমি তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে বহু মেগা প্রকল্প হয়েছে, আর মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি হয়েছে। কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। হাসপাতালগুলোতে ওষুধ নেই, ডাক্তার নেই; স্কুল-কলেজ ভেঙে পড়ছে ও রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ একসময় বাংলাদেশের চেয়েও পিছিয়ে ছিল, কিন্তু পরিশ্রম ও ঐক্যের মাধ্যমে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তারা যদি পারে, বাংলাদেশ কেন পারবে না? ইনশাআল্লাহ, বাংলাদেশ পারবে বাংলাদেশের মানুষও পারবে।

নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান বলেন, নকল ব্যালট সিল তৈরির মতো ঘটনাও ইতোমধ্যে সামনে এসেছে। একটি মহল মা-বোনদের বিভ্রান্ত করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে। বিএনপি কখনো এমন প্রতিশ্রুতি দেবে না, যা বাস্তবায়নযোগ্য নয়।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি, তাহলে বাংলাদেশকে কেউ থামাতে পারবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু