বগুড়ায় জাতীয় পার্টির ২শ’ নেতাকর্মী বিএনপিতে যোগদান

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মী শনিবার রাতে বিএনপিতে যোগদান করেছেন। রাত সাড়ে ৯টায় সারিয়াকান্দির ফুলবাড়ীতে অনুষ্ঠিত এক সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে সমর্থন জানান।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এবং বগুড়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমের নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়। নবাগত নেতারা বিএনপির কেন্দ্রীয় সদস্য ও বগুড়া-১ আসনের প্রার্থী কাজী রফিকুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দলীয় শপথ গ্রহণ করেন।
যোগদানকারীদের মধ্যে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফুলবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তহসিন আলী মেম্বার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আবু হাসান বাবলা, জাপা নেতা রানা মিয়া এবং জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের আরও দুই শতাধিক নেতাকর্মী।
নবাগতদের স্বাগত জানিয়ে সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, “উপজেলা জাতীয় পার্টির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। সারিয়াকান্দি ও সোনাতলায় ধানের শীষের পক্ষে গণসমর্থন তৈরি হয়েছে এবং গণতন্ত্রমনা মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। আশা করি, আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।”
অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, “বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। এখানে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। বগুড়ার উন্নয়নে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতেও তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। তাই আমরা দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেছি।”
সমাবেশে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সুজাউদ্দৌলা সনজু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবাগতদের এই যোগদানে বগুড়ার রাজনৈতিক মানচিত্রে বিএনপির অবস্থান আরও দৃঢ় হওয়ার আশা করছে দলের অভ্যন্তরীণ মহল।
ভিওডি বাংলা/জা







