আবদুস সালাম:
তারেক রহমানের নেতৃত্বেই জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন বিএনপি বা কোনো ব্যক্তির স্বার্থে নয়, বরং জনগণের নিজস্ব স্বার্থ ও নিরাপত্তা রক্ষার নির্বাচন। আপনারা যদি ভালোভাবে বাঁচতে চান, যদি আগামী দিনে নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাদের ভোট দিতে হবে তারেক রহমানকে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, ধর্মীয় অধিকার ও নাগরিক নিরাপত্তা রক্ষার প্রশ্ন জড়িত। প্রতিদ্বন্দ্বী দল যদি জয় লাভ করে, তাহলে আপনাদের স্বাধীনতা থাকবে না, ধর্মকর্ম ঠিকভাবে করতে পারবেন না।
নারীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, নারীদের শ্রমঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব বাস্তবায়িত হলে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে। এতে নারীদের চাকরি, চলাফেরা ও পড়াশোনার সুযোগ বাধাগ্রস্ত হবে । দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং পরিবার ও অর্থনীতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষ ও নারী উভয়ের কাজের মাধ্যমেই একটি পরিবার টিকে থাকে ও এগিয়ে যায়।
জাতীয়তাবাদের ব্যাখ্যা দিতে গিয়ে আবদুস সালাম বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব জাতিসত্তা ও ধর্ম রয়েছে। জিয়াউর রহমান বলেছিলেন যার যার ধর্ম, যার যার জাতি থাকবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি।’ এই জাতীয়তাবাদী চেতনার মাধ্যমেই দেশকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব ।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে যে রাজনৈতিক জোয়ার সৃষ্টি হয়েছে, তা বিএনপির পক্ষেই যাচ্ছে। বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই সুযোগ জনগণের কাজে লাগানো উচিত।
তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং বিদেশগামী শ্রমিকদের ভাষা শিক্ষা নিশ্চিত করার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষকে দারিদ্র্য ও বঞ্চনা থেকে মুক্ত করার লক্ষ্য রয়েছে।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকলেও তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন-কোথাও অরাজকতা, দখল বা সহিংসতা করা যাবে না। এ থেকেই তার নেতৃত্বের দায়িত্বশীলতার প্রমাণ পাওয়া যায়।
ভোটের গুরুত্ব তুলে ধরে আবদুস সালাম বলেন, ‘ভোট আপনার আমানত। এক দিনের ভুল সিদ্ধান্তে পাঁচ বছর ভুগতে হয়।’ তিনি সবাইকে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময়ের উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
ভিওডি বাংলা/জা







