• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈষম্য দূর করতে সরকারের তেমন আগ্রহ নেই- সাইফুল হক

   ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আমলাদের প্রভাবে একের পর এক জন স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আমলারা সরকারকে জিম্মি করে ফেলছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। যে আমলাদের সাথে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না তাদের পরামর্শে সরকারকে ভুল করলে চলবে না।

আমলাদের খপ্পর থেকে বেরিয়ে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের কোনো মনোযোগ দেখা যাচ্ছে না। রাজনৈতিক সংস্কারে সরকারের যত আগ্রহ সমাজের সীমাহীন বৈষম্য দূরীকরণে সরকারের তেমন আগ্রহ নেই। অথচ অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করতে না পারলে রাজনৈতিক সংস্কার তেমন কোনো কাজে দেবে না। রাজনৈতিক সংস্কার টেকসইও হবে না।

সাইফুল হক বলেন, বাজার পরিস্থিতি এখনও অনেকটা বেসামাল। সরকার কোনভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। সাড়ে পাঁচমাস পর বাজার নিয়ন্ত্রণে এখন জনগণ সরকারের আর কোনো অজুহাত শুনতে চায় না। মানুষকে স্বস্তি আর নিরাপত্তা দিতে না পারলে  ভালো রাজনৈতিক সংস্কারও মানুষ গ্রহণ করতে পারবে না।

তিনি বলেন, আমলাতান্ত্রিক ভাবে পণ্যের উপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের উপর বিপদ চাপিয়ে দেয়ার সামিল। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা তখন এই পদক্ষেপ কষ্টে থাকা মানুষের দূর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। এসব পদক্ষেপ এক দিকে গরীব ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা আরও ঝুঁকিতে ফেলে দেবে, আর অন্যদিকে শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি পেলে পণ্যের উৎপাদন খরছ বাড়বে, বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।

সাইফুল হক বলেন, সরকারের অদক্ষতা ও তাদের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না।

আইএমএফ এর পরামর্শে নেয়া নিত্য ব্যবহৃত পণ্যের উপর ভ্যাট ও করবৃদ্ধির  আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের সাম্প্রতিক এই সব পদক্ষেপ বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। তিনি আমলাতান্ত্রিক ভাবে নেয়া এসব সিদ্ধান্তসমূহ প্রত্যাহার করার আহ্বান জানান। 

আদিবাসী ছাত্র-জনতার উপর সন্ত্রাসী ও পুলিশী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাইফুল হক বলেন, এই হামলা আক্রমণকারী গণঅভ্যুত্থান, দেশবিরোধী শক্তি। এদের তৎপরতা হিংসা ও বিভাজনের রাজনীতিকে আরও উসকিয়ে দেবে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।

দলটির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য দেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য  রাশিদা বেগম, সজীব সরকার রতন, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, ঢাকা মহানগর কমিটির সদস্য জামাল সিকদার প্রমুখ। 
 
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজধানীর তোপখানা রোড, বিজয়নগর হয়ে সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম