• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জিয়াউর রহমান ১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন: তারেক রহমান

   ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে আগন্তুকের প্রশ্নের সম্পূরক উত্তরে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট  ডা. জুবাইদা রহমান স্বরচিত কবিতা পাঠ করেন।

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিষয়ে তারেক রহমান বলেন, সৈনিক হিসেবে দেশের মানুষের প্রতি দায়িত্ব থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান। সময়ের প্রয়োজনে রাজনীতিবিদ হিসেবে আবর্তিত হন তিনি। মানুষের কাছে ছুটে গিয়েছেন। ১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, সব পরিচয়ের ওপরে যেয়ে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন জিয়াউর রহমান। রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন বলেই বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে।  

তারেক রহমান বলেন, গণতন্ত্র মানে মতপ্রকাশ বা অধিকার প্রয়োগ। ভোটের মাধ্যমে মানুষ সেটা প্রকাশ করে থাকে। বাংলাদেশে বিভিন্ন দলের আদর্শের মধ্যে পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। তবে যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে। এ বিষয়ে দলমত নির্বিশেষে ঐকমত্য থাকতে হবে। সেইসঙ্গে মানুষের ভোটদানের অধিকার নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা আগামী ১৫/২০ বছর গণতন্ত্র ধ্বংসের রাহু থেকে মুক্ত থাকব। পাশাপাশি স্বৈরাচারমুক্ত পরিবেশ আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারব।

দেশে শিল্পের প্রসারে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্টস শিল্প প্রসার করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান- সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি। 

এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাড়া আইন করে অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বানানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, যে যেই কথাই বলুক, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। আইন করে অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বানানো যাবে না। জনগণ যখন যোদ্ধা হয়ে যায়, তখন তার সার্বভৌমত্ব কেউ ক্ষুন্ন করতে পারে না।

বিএনপির স্থায়ী কমিটি এ সদস্য বলেন, জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফল এখনও ভোগ করছে এ দেশের মানুষ। ডান, বাম, মধ্যপন্থি সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলেই তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। প্রথম পর্বে ঢাকার শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে (ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিপরীতে) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী এবং শিশু-কিশোরদের নিয়ে জিয়াউর রহমান প্রসঙ্গে গল্প বলা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের মঞ্চে জিয়াউর রহমানের সঙ্গে বিভিন্ন স্মৃতিচারণমূলক বিষয়ে শিশু-কিশোরদের শোনান বরেণ্য কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবি নাজনীন। পাশাপাশি ছোট্ট শিশুরাও জিয়াউর রহমানের বিষয়ে বক্তব্য তুলে ধরেন। তাদের অন্যতম আগা খান একাডেমির ছাত্র শাহরিন মো. ছোয়াদসহ কয়েকজন। পাশাপাশি মিলনায়তনের বাইরে জিয়াউর রহমানের জীবনঘনিষ্ঠ অসংখ্য ছবি পরিদর্শন করেন শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, সদস্য সচিব ড. সোহাগ আওয়াল এবং সদস্য ডা. মোস্তফা আজিজ সুমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির, নূরুল ইসলাম মনি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রীতা, জেডআরএফের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক লুৎফর রহমান, ড. আবুল হাসনাত মো. শামীম, অধ্যাপক আবদুল করিম, আমিরুল ইসলাম কাগজী, আতিকুর রহমান রুমনসহ রাজনীতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা।

এরপর একইস্থানে দ্বিতীয় পর্বে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যার গল্প আমাদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জেডআরএফের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমান। প্রধান আলোচক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম