কেউ বিকাশ নম্বর চাইলে তাকে পুলিশে দিন: রবিন

ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, আমরা লক্ষ্য করেছি, একটি নির্দিষ্ট দলের লোক বাড়ি বাড়ি গিয়ে টাকা দিচ্ছে ও বিকাশ নম্বর চাইছে। এ ধরনের কাজ কেউ করলে তাকে দয়া করে পুলিশে দিন।
তিনি আরও বলেন, “ভোট আপনার কাছে একটি আমানত। এই আমানতের হেফাজত আপনাকেই করতে হবে। আমরা কাউকে জোরপূর্বক প্রভাবিত করতে চাই না। যার যাকে ইচ্ছা, সে তাকেই ভোট দেবে। বিএনপি দেশের মানুষের জন্য স্বপ্ন দেখে, সেই অনুযায়ী পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে।”
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচনী আসন ১৭৭ ঢাকা-৪-এর কদমতলী থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এই কথা বলেন।
রবিন এলাকাবাসীর প্রধান দাবি তুলে ধরে বলেন, রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তা আছে, তা প্রশস্ত করা দরকার। ওই রাস্তা দিয়ে এম্বুলেন্স ঢুকতে পারছে না। নির্বাচিত হলে আমি নিজে দাঁড়িয়ে থেকে এই রাস্তা প্রশস্ত করব।
তিনি অভিযোগ করেন, একটি ভণ্ড রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তারা দেশকে অস্থিতিশীল করতে মিথ্যাচার করছে এবং ভোটারদের বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। এমন কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
নিজের এলাকার সন্তান হিসেবে দায়িত্বের কথাও উল্লেখ করে রবিন বলেন, আমি এই মাটির সন্তান। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বাইরে থেকে গুন্ডা-পান্ডা এনে এলাকায় শাসন চালানো হয়েছিল। আমি আপনাদের নিশ্চিত করছি, কোনো প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক দল বা নেতা যদি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা কিশোর গ্যাংকে প্রশ্রয় দেয়, আমি তাকে আইনের আওতায় নিয়ে আসব।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমি এলাকার ক্ষমতা সাধারণ মানুষের হাতে দিতে চাই এবং মুরুব্বীদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। সকলের মিলিত প্রচেষ্টায় সমস্যা চিহ্নিত করে সমাধান করা সম্ভব।
রবিন আরও বলেন, আমি ৫ আগস্টের পর থেকে এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। তাদের কথা শুনেছি এবং বিশটি অঙ্গীকার করেছি। আমি চাই এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে তাদের সমস্যার দ্রুত সমাধান সম্ভব হোক।
ভিওডি বাংলা/সবুজ/এমএস







