• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিমের উত্থান ঘটেছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পি.এম.
বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে একটি রাজনৈতিক শক্তি নতুন করে জালিম হিসেবে আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণ ইতোমধ্যে এই ‘গুপ্ত’ শক্তিকে চিনে ফেলেছে এবং তাদের কর্মকাণ্ড থেকেই স্পষ্ট-দেশের গণতন্ত্র ও মানুষের সম্মানের জন্য তারা বড় হুমকি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলকে জনগণ ‘গুপ্ত’ পরিচয়েই চেনে। তারা এখন বাংলাদেশে নতুন জালিমরূপে আত্মপ্রকাশ করেছে। তিনি অভিযোগ করেন, ওই দল নির্বাচনের আগেই নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। “একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে, নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা শুরু করে, তারা কীভাবে সৎ ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করবে?”-প্রশ্ন রাখেন তিনি।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে নেতাদের অবশ্যই জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। তিনি বলেন, “আমি নেতাদের বলব-১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কী হয়, তা ৫ আগস্ট দেখেছে দেশ।” তার বক্তব্যে জনগণের শক্তি ও ভোটাধিকার রক্ষার আহ্বান স্পষ্টভাবে উঠে আসে।

৫ আগস্টের ঘটনার পর দেশের রাজনৈতিক আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, “স্বৈরাচার যে ভাষায় জনগণের সঙ্গে কথা বলত, গুণী মানুষকে অপদস্থ করত, মানুষকে ছোট করত-দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, সেই সংস্কৃতি বন্ধ হয়নি।” তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে ‘গুপ্ত’ পরিচয়ের একটি দল সেই একই আচরণ অব্যাহত রেখেছে এবং নতুন করে জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

নারীদের প্রতি অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, একটি দলের নেতা প্রকাশ্যে নারীদের উদ্দেশে অত্যন্ত কলঙ্কিত ও অসম্মানজনক শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেন, “যে নেতা ও কর্মীরা মা-বোনদের সম্মান দিতে জানে না, যাদের মধ্যে নারীদের প্রতি শ্রদ্ধাবোধ নেই, তাদের কাছ থেকে দেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না।” এ ধরনের মানসিকতা রাষ্ট্র পরিচালনার জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় কুমিল্লা জেলার এক নেতার বক্তব্যের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, “ওই নেতা বলেছেন-১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। এটি কোন পর্যায়ের মানসিকতা? জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করার এই মনোভাব থেকেই বোঝা যায়, তারা মানুষকে কীভাবে ট্রিট করতে চায়।”

বিএনপি চেয়ারম্যান সতর্ক করে বলেন, এ ধরনের শক্তি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তাহলে জনগণের জীবনে দুর্বিসহ পরিস্থিতি নেমে আসবে। তাই জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার ভাষায়, “গুপ্তদের উচিত শিক্ষা দিতে হবে। আগামীর বাংলাদেশ চলবে শুধুমাত্র জনগণের রায়ের ভিত্তিতে।”

জনসভায় তার বক্তব্যে গণতন্ত্র, নারী সম্মান, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ক্ষমতায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু