• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবুর রশিদ

ভোটের মধ্য দিয়েই ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পি.এম.
বক্তব্য রাখছেন হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ভোটের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশের নিরাপত্তা ও গণতন্ত্র নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বহু রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকারকে অবহেলা করার সুযোগ নেই। দেশের মানুষ যদি নিজেদের মালিকানা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে ভোট দিতে হবে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ঢাকা-৯ আসনের জামালপুর বাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছিলেন। তাঁর নেতৃত্বেই লাল সবুজের পতাকা ও বাংলাদেশের মানচিত্র বিশ্ব দরবারে পরিচিতি পায়। তিনি যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন এবং একটি স্বাধীন রাষ্ট্রের ভিত্তি গড়ে দিয়েছেন।

বক্তব্য রাখছেন হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি সন্তান হারিয়েছেন, গৃহ হারিয়েছেন, মিথ্যা মামলায় কারাবরণ করেছেন এবং চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। এত ত্যাগের পরও তিনি কোনোদিন  আপোষ করেননি। এ কারণেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে পরিচিত।

বিএনপির প্রার্থী বলেন, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়তে চান। তিনি স্বপ্ন নয়, পরিকল্পনা নিয়ে জনগণের সামনে এসেছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে এই দেশের মালিক জনগণ নিজেই। যত বেশি ভোটার কেন্দ্রে যাবে, দেশ তত বেশি নিরাপদ থাকবে।

বিএনপির প্রার্থী আরও বলেন, অনেক রক্তের বিনিময়ে এই ভোটাধিকার অর্জিত হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আত্মত্যাগ, সহযোদ্ধাদের জীবনদান সবকিছু মিলিয়ে এই ভোট অত্যন্ত মূল্যবান। কাউকে জীবন দিতে, জেলে যেতে বা আহত হতে বলা হচ্ছে না; শুধু ভোটের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হচ্ছে।

তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, আগামীর বাংলাদেশে ছাত্র, শ্রমিক, কৃষক, গৃহিণী কাউকে বাদ দেওয়া হয়নি। কৃষকদের জন্য ফার্মারস কার্ড চালুর পরিকল্পনা রয়েছে, যাতে কৃষি উপকরণ সহজলভ্য হয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে।

তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে, যাতে মা–বোনেরা পরিবারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরাসরি অংশ নিতে পারেন। পাশাপাশি সরকারি খরচে সুচিকিৎসা, কম খরচে ও বিনা মূল্যে শিক্ষা এবং কারিগরি ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার কথাও পরিকল্পনায় রয়েছে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আগামীর বাংলাদেশ হবে খেটে খাওয়া মানুষের বাংলাদেশ। যারা ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়েন এই দেশ তাদের জন্যই গড়ে তুলতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২ ফেব্রুয়ারি ভোটের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে হবে
হাবিবুর রশিদ হাবিব: ১২ ফেব্রুয়ারি ভোটের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে হবে
বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর থাকার অঙ্গীকার
রবিউল আলম রবি: মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর থাকার অঙ্গীকার