নির্বাচন দরকার, নির্বাচিত সরকার দরকার- আবদুস সালাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে। নির্বাচন দরকার, নির্বাচিত সরকার দরকার। অনির্বাচিত সরকার বেশি দিন থাকতে পারে না। আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি। অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি। আমরা চাই এ সরকার সফল হোক।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে এমন মন্তব্য করেন আবদুস সালাম
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে পাঠশালা পরিচালনা বন্ধ করে নির্বাচন পরিচালনায় দৃষ্টি দিতে। বিগত ফাসিবাদ গণবিরোধী যে আইনগুলো করেছে, জনগণের স্বার্থে এ গণবিরোধী আইনগুলো বাতিল করতে হবে।
আবদুস সালাম বলেন, বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকারের হাতে নির্যাতিত ছিল। তারা চাকুরি ক্ষেত্রে বৈষম্য তৈরি করা হয়েছে। ব্যাংক লুটপাট হয়েছে। বার বার বলার পরও কোনো অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়নি। কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া জনগণের কোন দাবি পূরণ হবে না। সকল সমস্যার সমাধান করতে পারবে একমাত্র নির্বাচিত সরকার। আওয়ামী লীগের দোসরদের বহাল রেখে দেশের জন্য কোন ভাল কাজ করা সম্ভব হবে না।
ডক্টর ইউনুস এর উদ্দেশ্যে করে বিএনপির এই নেতা বলেন, এখন পর্যন্ত নির্বাচনের কোন রোডম্যাপ ঘোষণা দেওয়া হচ্ছে না। গত ১৭ বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। যারা ভোট চায় না তারা কখনোই জনগণের ভালো চায় না। যদি দেশে নির্বাচন হয় তাহলে আর কোন স্বৈরাচারীর জন্ম হবে না।







