পিএসসির ছয় সদস্যের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক
বিতর্ক ওঠায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ছয় জন সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগ বাতিল হওয়া পিএসসির সদস্যরা হলেন- অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান, সাব্বির আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার ও ড. মো. মিজানুর রহমান।
তাদের মধ্যে তিন জনের নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। বলা হয়, তারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। তাই তাদের নিয়োগ বাতিলের দাবি তোলেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পাওয়া ডা. শাহিনা সোবহানের বাবা জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া ডা. শাহিনা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বান্ধবী বলেও শোনা যাচ্ছে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ ডিজিএফআইয়ের সাবেক ডিজি ছিলেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন।
এর আগে রোববার (১২ জানুয়ারি) বিতর্কিত তিন সদস্যের নিয়োগ বাতিলের জন্য কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।







