প্রতিদিন বাসার খাবার নিয়ে হাসপাতালে যান তারেক রহমান

ভিওডি বাংলা নিউজ
দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমানসহ পরিবারের সদস্যরা তার সার্বক্ষণিক পরিচর্যা করছেন। প্রতিদিন বাসার খাবার নিয়ে হাসপাতালে যান তারেক রহমান। চিকিৎসকের পরামর্শে চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া।
তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝে মধ্যে অল্প খাচ্ছেন তিনি।
শনিবার (১১ জানুয়ারি) খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম জিয়া আমার খোঁজখবর নিয়েছেন। এরপর নাতি-নাতনি ও ছেলেমেয়েরা কেমন আছে? দেশের অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছে? সবার কথা জিজ্ঞেস করেছেন। তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি, অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলছে। পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।
মামুন/ভিওডি বাংলা







