বিএনপি বিতর্কিত হয় এমন কিছু করা যাবে না- ইশরাক

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, খুনি হাসিনা পালিয়েছে কিন্তু আওয়ামী দোসররা এখনো সরকারি বিভন্ন অফিস এবং বিভন্ন স্থাপনায় বসে ফের রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঐসব দোসরদের খুজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সুত্রাপুরে সাদেক হোসন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।
ইশরাক বলেন, ১৬ বছর যাবত এক ফ্যাসিবাদ বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছিলো। বিগত পরপর তিনটি নির্বাচন জনগণের থেকে ছিনিয়ে নিয়ে জনগণের অধিকার ছিনিয়ে নিয়ে খুনি ফ্যাসিস্ট হাসিনা জোর করে রাষ্ট্র ক্ষমতায় চেপে বসেছিলো। দেশের কোনো উন্নয়ন না করে স্বৈরাচার হাসিনা সরকার রাষ্ট্রের সকল সম্পদ বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, বিগত ১৬ বছরে মামলা দিয়ে, গুম করে, হত্যা করে বিএনপির নেতা-কর্মীদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে চেয়েছে কিন্তু বিএনপির নেতা-কর্মীরা দেশ থেকে পালিয়ে যায়নি। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কিছুই হতে পারে না।
ইশরাক বলেন, ২০২০ সালের মেয়র নির্বাচনে খুনি হাসিনার আত্মীয় ফজলে নূর তাপস দিনে-দুপুরে ভোট ছিনতাই করেছিলো। ঐ সময় ভোটকেন্দ্র বন্ধ করে ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দিয়ে নিজেদের মতো ফলাফল ঘোষণা করেছিলো তারা।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা আগে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আগামী দিনে আমাদের এমন কাজ করতে হবে যাতে আমাদের উপর জনগণের ভালবাসা বৃদ্ধি পায় এবং বিএপির উপর জনগণের আস্থা অক্ষুন্ন থাকে। এমন কোনো কাজ করা যাবে না যার কারণে বিএনপি বিতর্কিত হয় এবং বিএনপির অর্জন ম্লান হয়ে যায়।
এসময় সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমানের ৩১ দফা সবার মাঝে পৌছে দেওয়ার আহ্বান জানান ইঞ্জিনিয়ার ইশরাক।







