চিকিৎসার জন্য দলের সিনিয়র নেতাদের কাছ থেকে হাসি মুখে ঢাকা ত্যাগ করেছেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মঙ্গলবার ৭ জানুয়ারি রাত ১১.৪৬ মিনিটে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স বিমান ছেড়ে যাওয়ার আগে বিদায় জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তখন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিতে দেখা গেছে।
এসময় খালেদা জিয়ার হুইল চেয়ার ঠেলে নিয়ে যান তার সফরসঙ্গী, ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন, পেছনে ছিলেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও খালেদা জিয়ার দীর্ঘদিনের সহকারি ফাতেমা।
তারও পেছনে দাঁড়িয়ে থাকতে আরও দেখা যাচ্ছে, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিনা রহমানকে।
উল্লেখ্য, খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি রাত ১১.৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে টেকঅফ (উড্ডয়ন) করে। বিমানটি কাতারের দোহা হয়ে আগামীকাল বুধবার লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে।







