আ.লীগকে খেসারত দিতে হবে : ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে ফ্যাসিষ্ট শেখ হাসিনা যে নোংরা খেলায় মেতে উঠেছিলো তার খেসারত আওয়ামী লীগকে নিজের অস্তিত্ব বিসর্জন দেবার মাধ্যমেই দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী আপোষহীন অবিসংবাদিত নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ চিকিৎসার জন্য বিদেশে যাত্রা করছেন, আমরা আশা রাখছি তিনি সুস্থ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়ে দেশে ফিরবেন; যার মাধ্যমে বাংলাদেশ নির্বাচনের পথে চূড়ান্ত যাত্রা শুরু করবে।
তিনি বলেন, আমরা আশাবাদী, এ বছরে ফ্যাসিস্ট হাসিনা এবং তার গণহত্যার দোসরদের বিচার হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হবে।’
ববি হাজ্জাজ বলেন, ‘বিগত স্বৈরাচার হাসিনা সরকার ২০২৪ সালের ৭ জানুয়ারি এক অভিনব প্রতারণার নির্বাচন অনুষ্ঠিত করে পুরো জাতির সঙ্গে তামাশা করেছিল।
তিনি বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই। এই দাবির স্বপক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে আমরা গণজমায়েত, লিফলেট বিতরণ, সুধী সমাবেশ, মতবিনিময়, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ইত্যাদি কর্মসূচি হাতে নিয়েছি। অচিরেই আপনাদেরকে আমাদের সুনির্দিষ্ট কর্মসূচির স্থান এবং তারিখ জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ্। আমরা আশা রাখব, জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন মন্তব্য করা থেকে সরকারের ভেতর এবং বাইরের সব গুরুত্বপূর্ন ব্যক্তিগণ বিরত থাকবেন।
‘নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম বিভিন্ন সংসদীয় আসনে প্রস্তুতি নেয়া শুরু করছে এবং অচিরেই পুরো বাংলাদেশ একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পক্ষে গণজোয়ার দেখবে ইনশাআল্লাহ।’







