দীর্ঘ ৭ বছর পর একসাথে হবেন মা -ছেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক
এক অক্ষরের ছোট্ট শব্দ ‘মা’। এমন মধুর শব্দ অভিধানে আর দ্বিতীয়টি নেই। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর ও ভালোবাসা। অথচ, সেই ভালোবাসা ও নাড়ির সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক কাঁটাতার। দীর্ঘ সাত বছর মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সশরীরে সাক্ষাৎ হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। অবশেষে তার এই কষ্ট ও আক্ষেপ ঘুচতে বসেছে। সব ঠিক থাকলে মঙ্গলবার (৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি নেত্রী। আর এর মাধ্যমে ৭ বছর পর গর্ভধারিণী মাকে সামনাসামনি দেখতে পাবেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
জানা গেছে, কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ ফ্লাইটে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। এরই মধ্যে সফরের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তারই অংশ হিসেবে রোববার (৫ জানুয়ারি) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সব সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেত্রী। এ ছাড়াও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন।
বেগম খালেদা জিয়ার এবারের বিদেশযাত্রার সফর সঙ্গীর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও চিকিৎসক, পরিবারের সদস্য এবং দলের গুরুত্বপূর্ণ নেতারাসহ অন্তত ২৫ থেকে ৩০ জন যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে তার আগে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের তালিকা যাবে এমন তথ্য প্রচারিত হয়েছে।
মামুন/ভিওডি বাংলা







