সব সংস্কারের আগে রাজনীতি সংস্কার দরকার ছিল : নুর

নিজস্ব প্রতিবেদক
ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
সোমবার (৬ জানুয়ারি), বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত ‘ছাত্র রাজনীতির সংস্কার: প্রসঙ্গ ডাকসু, জাকসু, রাকসু, চাকসু...’ শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ভিপি নুর বলেন, সব সংস্কারের আগে রাজনীতি সংস্কার দরকার ছিল। রাজনৈতিক দলগুলো গণিতান্ত্রিক প্রক্রিয়ার কথা বললেও দলগুলোর অভ্যন্তরণে কতটুকু গণতান্ত্রিক অবস্থা তাও দেখতে হবে। এক্ষেত্রে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদগুলো চালু করলে সামনের দিনে জাতীয় রাজনীতিতে তারা ভূমিকা পালন করতে পারবে। ছাত্রদের রাজনীতিতে আই হেট পলিটিক্স প্রবণতা থেকে বের করে নিয়ে আসতে হবে৷ কেননা রাষ্ট্র আগামীদিনে চালাবে ছাত্ররা।
লেজুরবৃত্তিক রাজনীতি নিয়ে নুর বলেন, ‘ছাত্রশিবির বা বামপন্থি দলগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আঙুল তোলার অপশন কম। যারা ক্ষমতাসীন ছাত্ররাজনীতি বা ক্ষমতার আশেপাশে থেকেছেন তাদের ক্ষেত্রে এ লেজুড়বৃত্তিক প্রবণতা এবং লাঠিয়াল বাহিনি তৈরির প্রবণতা বেশি। তাই ছাত্র সংসদভিত্তিক ছাত্র রাজনীতি হওয়া উচিত৷ তাই বলতে চাই, ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় রাজনীতি নয়।’
রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরিতে ছাত্রসংসদের বিকল্প নেই উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, এখন আবার কেউ কেউ বলছেন ৫ আগস্টের মতো প্রয়োজনে আবার গণতন্ত্রের জন্য, ভোটের দাবিতে আবার রাজপথে নামতে হবে। তাহলে এই বিপ্লব আমরা কেন করলাম? হাসিনার মতো দৈত্য-দানব ফ্যাসিস্টকে কেন সরালাম? কেন আমরা গণতন্ত্রের জন্য, ভোটের জন্য আন্দোলন করলাম। আমরা আশা করি সেটি আমাদের করতে হবে না। আমরা নতুন-তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসার কথা বলছি। নতুন নেতৃত্বে তরুণদেরকে সুযোগ তৈরি করে দেওয়ার কথা বলছি। এক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই।
মামুন/ভিওডি বাংলা







