১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি- মির্জা ফখরুল

পঞ্চগড় প্রতিনিধি
দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা বললে আবার কিছু কিছু মানুষ অসন্তুষ্ট হয়; বলে আমরা নাকি ভোটের তাড়া দেই।
তিনি বলেন, ভোটের তাড়া দেই এ জন্য যে, ভোট দিতে পারলে আমরা সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করতে পারবে, দেশকে ভালোভাবে পরিচালনা করবে। এটাই আমরা চাচ্ছি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি যে, আমরা সংস্কার চাই। আমাদের নেত্রী ২০১৬ সালে ভিশন বাংলাদেশ ২০৩০ দিয়েছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা তো সংস্কার।
তিনি বলেন, সাধারণ মানুষ সংস্কার কী বোঝে না। তারা বোঝে যেন তারা ভোটটা দিতে পারে, দেশে যেন শান্তি থাকে, দাম যেন না বাড়ে, চুরি-ডাকাতি যেন না হয়, ঘুষ যেন না দিতে হয়। অনেকেই বলে একাত্তর সাল ভুলে যাবে। একাত্তর সাল আমরা ভুলতে পারি না। একাত্তর সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি নিজেকে চিনতে পেরেছি একাত্তর সালে।
বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে কন্ঠশিল্পী বেবী নাজনীন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন ধর্মাবলম্বীরাও অংশ নেন। বক্তব্য শেষে ২৪ এর অভ্যুত্থানে পঞ্চগড়ের ৫ শহীদের পরিবার এবং দলীয় কর্মসূচিতে পুলিশি হামলায় নিহত একজনের পরিবারকে অর্থ সহায়তা দেন বিএনপি মহাসচিব।







