আ.লীগ দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল- সাইফুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ৭১ এর মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু ৫৪ বছরেও শহীদদের সাম্য-ভিত্তিক গণতান্ত্রিক রাষ্টের আকাংখা বাস্তবায়িত হয়নি।
সোমবার ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের মানুষ এখনও প্রকৃত স্বাধীনতা পায়নি। এখনও মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত হয়নি।গত ৫৪ বছরে এদেশের সরকার ও শাসকগোষ্ঠী আমাদের বিজয়কে পরাজয়ে পরিণত করেছিল। মানুষের স্বপ্নকে তারা দুঃস্বপ্নে পরিণত করেছে। উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ দেশে এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল।
সাইফুল হক বলেন, গত ৫৪ বছরে বীর শহীদদের বন্দনা করা হয়েছে। কিন্তু কেউই শহীদদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেনি।শহীদেরা যে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখেছিলেন তার বিপরীতে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। ২০২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান আরেকবার শহীদদের এই স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ ও সম্ভাবনা তৈরী করেছে। ৭২ আর ৯০ এর মত এবার এই সুযোগ নষ্ট করা যাবে না। ৭১ এর চেতনায় ২০২৪ এর গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে।







