কিশোরগঞ্জে সীমাহীন দুর্ভোগে এলাকাবাসি

অল্প বৃষ্টিতে তলিয়ে যায় রাস্তা, এতে জনদুর্ভোগ চরমে। হাটু সমান পানি ভেঙ্গে চলাচল করতে হয় কয়েক গ্রামের শত শত মানুষকে। রাস্তার পাশ দিয়ে যাওয়া খালটাও দখল হয়েছে অনেক আগে। পানি যাওয়ার কালভার্টটির মুখেও দেওয়া হয়েছে বাঁধ।
সীমাহীন দুর্ভোগের কথা প্রশাসনকে জানানো হলে সরেজমিনে গিয়ে সমাধান না দিয়েই খালি হাতে ফিরতে হয়েছে প্রশাসনকে। এমন অভিযোগ ভুক্তভোগীদের। তবুও দুর্ভোগ থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সাদুল্লারচর বাজার হয়ে সালামের মোড় এলাকা থেকে শ্যামরায়ের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিনের। অল্প বৃষ্টিতে হাটু পর্যন্ত পানি জমে থাকে রাস্তায়। ভোগান্তিতে পড়েন কয়েক গ্রামের মানুষ।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশ দিয়ে যাওয়া এই খালটি দখল হয়ে গেছে অনেক আগেই। খালের উপর রাস্তা ও বাড়িঘর নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট জায়গা দিয়ে পানি চলাচল করলেও কালভার্টের মুখে বাঁধ দিয়ে দোকান নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালী এক সমন্বয়কের বাবা। মাসের পর মাস পানি জমে থাকায় বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে ছোট শিশু থেকে বয়স্করা। স্কুল, মাদ্রাসা ও বাজারে যাওয়ার একমাত্র এই রাস্তাটি সম্পর্কে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন সুরাহা মেলেনি। স্থানীয় প্রশাসন সরেজমিনে কাজ করতে এসেও সমাধান না দিয়েই খালি হাতে ফিরতে হয়েছে। বাধ্য হয়ে নির্মানাধীন নতুন রাস্তা কেটে পানি চলাচলের ব্যবস্থা করেছেন স্থানীয় বাসিন্দারা।
ভিওডি বাংলা/ এমএইচ







