• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণঅভ্যুত্থানে স্বৈরাচাররা দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে : জুয়েল

   ৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পি.এম.

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোসর রেখে গেছেন। তারা দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ]এছাড়া বিদেশি প্রভুদের উসকানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক  ও ঐক্য থাকতে বলেন। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্লবী থানাধীন ৫নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় উদ্বোধকের বক্তব্যে জুয়েল এসব কথা বলেন। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মিসভা হয়।

জুয়েল বলেন, যুবদলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, শুধু তারাই আগামী দিনে যুবদলের নেতৃত্বে আসবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের রূপকার হিসেবে উল্লেখ করে বলেন, দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে, আমাদের অর্জনে কালি লাগাবে, তাদের বিরুদ্ধে বিএনপি তথা যুবদল কঠোর ব্যবস্থা নেবে।

ভারতের সাম্প্রতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য ১৯৭১ সালে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। ঠিক তেমনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। 

নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির সব ক্ষমতার কেন্দ্রবিন্দু বাংলাদেশের জনগণ।  আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগের সৃষ্টি হয়, এমন কাজে যারা লিপ্ত হলে- যুবদল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে, প্রয়োজনে আইনের সহায়তা নেওয়া হবে। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে ‘বাংলাদেশের জনগণের মুক্তির সনদ’ হিসেবে উল্লেখ করে এই ৩১ দফা আত্মস্থ করতে ও জনগণের কাছে পৌঁছে দিতে যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন জুয়েল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে। তিনি ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের স্থান যুবদলে নেই।

ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের এই সদস্য সচিব বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে যারা লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বিগত স্বৈরাচার সরকারকে হটাতে আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় আরও অংশগ্রহণ করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নুর ইসলাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া প্রমুখ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ