গোলসংখ্যা সমান হলে কে জিতবেন গোল্ডেন বুট?

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ পর্যায়ে। ইতোমধ্যে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। তবে দল বিদায় নিলেও ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সামনে এখনো রয়েছে ব্যক্তিগত সর্বোচ্চ স্বীকৃতি ‘গোল্ডেন বুট’ জয়ের সুযোগ।
আগামী ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। সেই ম্যাচে গোল করার সুযোগ থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে এখনো টিকে আছেন এমবাপ্পে।
বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৮টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
তবে মেসির সামনে সুযোগ কিছুটা বেশি। আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। ফলে সেমিফাইনালের পাশাপাশি ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী—অন্তত আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
তবে টুর্নামেন্ট শেষে মেসি ও এমবাপ্পের গোলসংখ্যা সমান হলে গোল্ডেন বুট কার হাতে উঠবে, সেটিও নির্ধারণ করেছে ফিফা। সংস্থাটির নিয়ম অনুযায়ী, এ পুরস্কার যৌথভাবে দেওয়া হয় না।
গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনায় নেওয়া হবে অ্যাসিস্টের সংখ্যা। এই পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন এমবাপ্পে। তার অ্যাসিস্ট ৩টি, আর মেসির ২টি। ফলে গোলসংখ্যা অপরিবর্তিত থাকলে এই মুহূর্তে এগিয়ে থাকবেন ফরাসি তারকাই।
অ্যাসিস্টও সমান হলে দেখা হবে কে কম সময় মাঠে থেকে সমান গোল ও অ্যাসিস্ট করেছেন। কম মিনিট খেলা ফুটবলারই সেক্ষেত্রে এগিয়ে থাকবেন।
এরপরও সমতা থাকলে বিবেচনায় আসবে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যা। এই জায়গায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন মেসি। চলতি বিশ্বকাপে তার ৮টি গোলই এসেছে স্বাভাবিক খেলার ধারায়। অন্যদিকে এমবাপ্পের ৮ গোলের মধ্যে একটি এসেছে পেনাল্টি থেকে। ফলে এই মানদণ্ড পর্যন্ত হিসাব গড়ালে এগিয়ে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক।
এদিকে গোল্ডেন বুটের লড়াইয়ে এখনো সম্ভাবনা রয়েছে আরও কয়েকজন ফুটবলারের। ৬টি করে গোল নিয়ে মেসি-এমবাপ্পের পেছনে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। সেমিফাইনাল এবং পরবর্তী ম্যাচে ভালো পারফরম্যান্স করলে তারাও শীর্ষে উঠে আসতে পারেন।
এ ছাড়া ৫টি করে গোল করা ফ্রান্সের উসমান দেম্বেলে ও স্পেনের মিকেল ওয়ারসাবালের সামনেও ব্যবধান কমানোর সুযোগ রয়েছে।
অন্যদিকে ৭ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে থাকলেও নরওয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় গোল্ডেন বুটের দৌড় থেকে কার্যত ছিটকে গেছেন আর্লিং হালান্ড।
ভিওডি বাংলা/আ








মন্তব্য