• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কবে শুরু ভাতার আবেদন, জানা গেল নতুন নির্দেশনা

ভিওডি বাংলা ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০৪:০১ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন এবার সম্পূর্ণ অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ আগস্ট থেকে আবেদন শুরু হবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে।

এ ছাড়া ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে এ বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে বলেও জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির ভাতা এবং শিক্ষা উপবৃত্তির আবেদনও একই প্রক্রিয়ায় নেওয়া হবে।

আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে dss.bhata.gov.bd/online-application ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন জমা দিতে হবে। প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা বর্তমানে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না।

আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করারও প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আগের আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই এ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং মাঠপর্যায়ে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদন গ্রহণ বা যাচাই-বাছাই কার্যক্রমে কোনো কারিগরি জটিলতা দেখা দিলে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
উজানের ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে, বাড়ছে বন্যার শঙ্কাও। ছবি : সংগৃহীত
জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, ঝুঁকিতে ব্রহ্মপুত্র-মেঘনা: এফএফডব্লিউসি
মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়েছে। ছবি: সংগৃহীত
বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসানীতি