শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচন শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়।
ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুপুর ১টা থেকে এক ঘণ্টা নামাজের বিরতি থাকবে। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বিএফডিসি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন অভিনেতা শিবা সানু, আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী।
এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির ফলাফল।
ভিওডি বাংলা/আ








মন্তব্য