• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘দ্য ওডিসি’ নিয়ে তুমুল বিতর্ক, যা বললেন নোলান

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৬:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে আসার আগেই ব্যাপক বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’। গ্রিক মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রের কাস্টিং, চরিত্রের পোশাক এবং আধুনিক সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা হলেও সেসবকে গুরুত্ব দিতে নারাজ এই নির্মাতা।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, কোনো সিনেমা মুক্তির আগেই তা নিয়ে তৈরি হওয়া আলোচনা বা বিতর্কের বিশেষ কোনো মূল্য নেই। কারণ যারা সমালোচনা করছেন, তারা কেউই এখনো সিনেমাটি দেখেননি। তার মতে, এমন পরিস্থিতি একজন পরিচালকের পেশাগত জীবনেরই অংশ।

নোলান জানান, ‘ব্যাটম্যান’ ট্রিলজি নির্মাণের সময়ও প্রায় এক দশক ধরে তাকে ভক্তদের প্রত্যাশা ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই তিনি শিখেছেন, এসব বিতর্ক নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তার ভাষ্য, একজন নির্মাতার প্রধান দায়িত্ব হলো মূল সাহিত্যকর্মের প্রতি সৎ থেকে নিজের সর্বোচ্চ দক্ষতা দিয়ে সেটিকে পর্দায় উপস্থাপন করা।

গত ফেব্রুয়ারিতে সিনেমাটি নিয়ে বিতর্কের সূচনা হয়, যখন জানা যায় ট্রয়ের হেলেন চরিত্রে অভিনয় করছেন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী লুপিটা নিয়ং’ও। এরপর ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে নোলানকে কটাক্ষ করে লেখেন, তিনি তার সততা হারিয়েছেন। রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক ম্যাট ওয়ালশও এ কাস্টিং নিয়ে বর্ণবাদী মন্তব্য করেন। মাস্কের দাবি ছিল, পুরস্কার পাওয়ার আশায় নোলান চরিত্রগুলোর জাতিগত পরিচয় পরিবর্তন করছেন।

এ সময় আরও একটি ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, হলিউড অভিনেতা এলিয়ট পেজ গ্রিক যোদ্ধা একিলিসের চরিত্রে অভিনয় করছেন। এ গুজবকে কেন্দ্র করে ট্রাম্প সমর্থকদের একাংশ নোলানের সমালোচনা শুরু করেন। পরে জানা যায়, পেজ একিলিস নন, বরং ‘সিনন’ নামের এক যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন।

শুধু কাস্টিং নয়, সিনেমার চরিত্রদের বর্মের নকশাও সমালোচনার মুখে পড়ে। অনেকের মতে, এগুলো নোলানের ‘ব্যাটম্যান’ চলচ্চিত্রের আধুনিক স্যুটের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

পোশাক নিয়ে ওঠা সমালোচনারও জবাব দিয়েছেন নোলান। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রাচীন যুগেও ব্রোঞ্জকে কালো করার প্রযুক্তি ছিল। এছাড়া কস্টিউম ডিজাইনার এলেন মিরোজনিক অত্যন্ত ব্যয়বহুল উপকরণ ব্যবহার করে চরিত্রগুলোর আভিজাত্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

ম্যাট ডেমন ও জেনডায়াসহ একঝাঁক তারকাকে নিয়ে ইউনিভার্সাল পিকচার্স নির্মিত ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির আগে তৈরি হওয়া বিতর্ক পেরিয়ে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে নোলানের নতুন এই সিনেমা, এখন সেটিই দেখার অপেক্ষা।

সূত্র: ভ্যারাইটি

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীন চৌধুরীর
ছবি: সংগৃহীত
কনসার্টে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার
ছবি: সংগৃহীত
‘ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান’