গোল্ডেন বুটের লড়াইয়ে তুমুল উত্তেজনা

বিশ্বকাপের নকআউট পর্বেই জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে চলতি আসরে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এতে গোল্ডেন বুটের দৌড়ে তিনি লিওনেল মেসির সমতায় উঠে এসেছেন।
বুধবার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফ্রান্স।
ম্যাচের ৪৫তম মিনিটে প্রথম গোল করেন এমবাপ্পে। এরপর ৭৪তম মিনিটে মাইকেল অলিসের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই জোড়া গোলেই চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ছয়ে, যা গোল্ডেন বুটের লড়াইয়ে তাকে মেসির কাতারে নিয়ে এসেছে। ফ্রান্সের সামনে আরও ম্যাচ থাকায় এককভাবে শীর্ষে ওঠার সুযোগও রয়েছে তার।
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও ইতিহাসের খুব কাছাকাছি পৌঁছে গেছেন এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে দুই গোলের পর বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এর মধ্য দিয়ে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার অবস্থানে উঠে এসেছেন।
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করতে এখন এমবাপ্পের প্রয়োজন আর মাত্র একটি গোল। ২৯ ম্যাচে মেসির গোল ১৯টি। তবে শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মেসি গোল করলে ব্যবধান আবারও বেড়ে যাবে। যদিও মাত্র ২৭ বছর বয়সী এমবাপ্পের সামনে এই রেকর্ড ভেঙে আরও অনেক দূরে নিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।
বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে এমবাপ্পে আবারও প্রমাণ করেছেন, বর্তমান সময়ের অন্যতম সেরা টুর্নামেন্ট ফুটবলার তিনি। এখন দেখার বিষয়, গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিতে পারেন কি না।
ভিওডি বাংলা/আ








মন্তব্য